পরকাল অনন্ত-অসীম আর ইহকাল ক্ষণস্থায়ী: আমাদের ইহকালীন জীবনটা অত্যন্ত ক্ষণস্থায়ী। পক্ষান্তরে পরকালীন জীবন অনন্ত-অসীম। যার শুরু আছে কিন্তু শেষ নেই। পরকালীন জীবনের তুলনায় ইহকালীন জীবনের সময়ের পরিধি পরিমাপ করা এমন কি অনুমান করাও সম্ভব নয়।

কারণ নিঃশেষিত কোনো বস্তুকে অসীমের সাথে তুলনা করা যায় না। অসীমের বিপরীতে সীমিতের অস্তিত্ব কিছুই না। পবিত্র কুরআনে মহান আল্লাহ এরশাদ করেছেন, ‘বরং তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও। অথচ পরকালের জীবনটাই উত্তম এবং স্থায়ী’।(সূরা আল-আলা: ১৬-১৭) অরো এরশাদ হয়েছে, ‘আপনি বলে দিন, পার্থিব ভোগ সামগ্রি খুবই সামান্য। পক্ষান্তরে পরকাল খোদা ভীরুদের জন্য উত্তম। আর তোমাদের উপর সুতা পরিমাণও অবিচার করা হবে না’।(সূরা আন-নিসা: ৭৭) মহানাবী (সা.) একটা উপমার মাধ্যমে ইহকাল ও পরকালের পাথ্যক্য উপস্থাপন করেছেন। হযরত মুসতাওরিদ ইবনে শাদ্দাদ (রা.)  থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, আল্লহর কসম!

পরকালের তুলনায় ইহকালের দৃষ্টান্ত হল, যেমন তোমাদের কেউ তার একটা আঙ্গুল সমুদ্রের মাঝে ডুবিয়ে দিয়ে তুলে আনল। তারপর সে লক্ষ্য করে দেখুক, তার সে আঙ্গুলটা কতটুকু পানি নিয়ে এল? (জামে আত-তিরমিযী: ২৩২৩) পার্থিব সময়ের হিসেবে মানুষের গড় আয়ু ৬০ থেকে ৭০ বছর। যা হাদীসের বিবরণ থেকে জানা যায়। হযরত আবু হুরায়রা (রা.) নবী করীম (সা.) থেকে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আমার উম্মতের আয়ু ষাট থেকে সত্তর বছরের মধ্যে হবে। (জামে আত-তিরমিযী: ২৩৩১) হযরত আবু হুরায়রা বর্ণীত অপর এক হাদীসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আমার উম্মতের বয়স সীমা ষাট থেকে সত্তর বছরের মধ্যে। আর এমন লোকের সংখ্যা খুবই কম হবে, যারা  ওই বয়স সীমা অতিক্রম করে যাবে। (আস-সুনানুল কুবরা: ৬৫২২, সহীহ ইবনে হিব্বান: ২৯৮০) 

পৃথিবীটা নিকৃষ্ট-পরকাল উত্তম: পৃথিবীতে চাকচিক্যময়, চিত্তাকর্ষক বস্তু-সামগ্রির ইয়ত্তা নেই। পার্থিব সম্পদ সম্ভার তুলনায় একটা অপরটা থেকে ভালো বা মন্দ, সুন্দর বা অসুন্দর, বেশি দামি বা কম দামি হতে পারে। কিন্তু পরকালের বিপরিতে সমগ্র পৃথিবীটাই নিকৃষ্ট। মহান আল্লাহ এরশাদ কছেছেন, ‘তোমরা জেনে রেখো, পার্থিব জীবন তো খেল-তামাশা, জাঁকজমক, পারস্পারিক গৌরব-অহংকার এবং সন্তান ও সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা ছাড়া অন্য কিছু নয়। এর দৃষ্টান্ত বৃষ্টির মতো, যার দ্বারা উৎপন্ন শস্য কৃষককে চমৎকৃত করে। অতঃপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তা পীতবর্ণ দেখতে পাও। অবশেষে তা খড়-কুটায় পরিণত হয়। আর পরকালে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি।

পার্থিব জীবন তো প্রতারণার ক্ষণস্থায়ী সামগ্রী ছাড়া অন্য কিছু নয়’। (সূরা আল-হাদীদ: ২০) আরো এরশাদ হয়েছে, ‘আর এই পৃথিবীর জীবনটা খেল-তামাশা ছাড়া অন্য কিছু নয়। পক্ষান্তরে পরকালের জীবনই আসল জীবন। যদি তারা তা জানতো’। (সূরা আল-আনকাবূত: ৬৪) উদ্ধৃত আয়াতসমূহে পার্থিব জীবন ও সম্পদের নিকৃষ্টতা বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ (সা.) এক হাদীসে বিষয়টা আরো স্পষ্ট করেছেন।  হযরত সাহাল ইবনে সা‘দ (রা.) থেকে হাদীসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যদি সমগ্র পৃথিবীর মূল্য মহান আল্লাহর নিকট একটা মশার ডানার সমানও হত, তাহলে আল্লাহ কোন কাফিরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না।

(জামে আত-তিরমিযী: ২৩২০, মেশকাতুল মাসাবীহ: ৫১৭৭) হযরত জাবের (রা.) একটি হাদীস বর্ণনা করেছেন যে, একবার রাসূলুল্লাহ (সা.) একটা কানকাটা মৃত বকরীর বাচ্ছার কাছ দিয়ে অতিক্রম করার সময় বললেন, তোমাদের মধ্যে কে আছে যে, এক দিরহামের বিনিময়ে এটা গ্রহণ করতে রাজি আছে ? সাহাবায়ে কেরাম (রা.) উত্তরে বললেন, কোনো কিছুর বিনিময়েই আমরা এটা  গ্রহণ করতে রাজি নই। তখন রাসূলুল্লাহ (সা.) বললেন, আল্লাহর কসম! তোমাদের নিকট এটা যত নিকৃষ্ট আল্লাহর নিকট সমগ্র পৃথিবীটা তার চেয়েও নিকৃষ্ট। (সহীহ মুসলিম: ৫১৫৭) 

পৃথিবীর মোহো পরকালীন জীবনকে ধ্বংস করে ফেলে : পার্থিব জীবনের প্রতিটা মূহুর্ত, প্রত্যেকটা কাজ পরকালীন জীবনের পাথেয় সংগ্রহের জন্যে, সুখের সামান তৈরীর জন্যে পরিচালিত হবে এটাই মুমিনের একমাত্র লক্ষ্য হওয়া উচিৎ। কিন্তু লক্ষ্যভ্রষ্ঠ হয়ে, পরকালকে ভুলে ইহকালের জীবন ও সম্ভোগের প্রতি মোহাবিষ্ট হয়ে পড়লে পরকালীন জীবনটাই ধ্বংস হয়ে যায়। মহান আল্লাহ এরশাদ করেছেন,‘হে ঈমানদারগণ! কী হল তোমাদের যে, তোমাদেরকে যখন বলা হয়, আল্লাহর রাস্তায় অভিযানে বেরিয়ে পড়ো, তখন তোমরা পৃথিবীর প্রতি মোহাবিষ্ট হয়ে পড়ো? তোমরা কি পরকালীন জীবনের পরিবর্তে পার্থিব জীবন নিয়ে পরিতুষ্ট হয়ে পড়েছো ? অথচ পার্থিব ভোগের সামগ্রি পরকালের তুলনায় খুবই সমান্য।’

 (সূরা আত-তাওবাহ: ৩৮) হযরত আমর ইবনে আওফ (রা.) থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহর শপথ! আমি তোমাদের উপর দারিদ্রের আশংকা করি না। কিন্তু এটা ভয় করি যে, তোমাদের উপর দুনিয়াকে বিস্তৃত করে দেয়া হবে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর তা বিস্তৃত করে দেয়া হয়েছিল। আর তোমরা তা আয়ত্ত করার জন্য তেমনি প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়বে যেমন প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়ে গিয়েছিল। 

ফলে তারা যে ভাবে ধ্বংস হয়ে গিয়েছিল তোমরাও সেভাবে ধ্বংস হয়ে যাবে। (সহীহ আল-বোখারী: ৬১৭৭, সহীহ মুসলিম: ২৯৭১) অপর এক হাদীসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, দুইটা ক্ষুধার্থ বাঘকে বকরীর পালের মধ্যে ছেড়ে দিলে অতো ক্ষতি করতে পারে না যতো বেশি ক্ষতি করে পার্থিব সম্পদ ও সম্মানের প্রতি মানুষের মোহো তার দ্বীনের। (জামে আত-তিরমিযী: ২৩৭৬, মেশকাতুল মাসাবীহ: ৫২৮১) 

পৃথিবীর প্রতি অনাসক্তি আল্লাহর নৈকট্য এনে দেয়: হযরত ইবনে মাসউদ (রা.) থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ ( সা.) তেলাওয়াত করলেন, ‘আল্লাহ যাকে হেদায়াত করতে চান, তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন’ অতঃপর রাসূলুল্লাহ (সা.) বললেন, হেদায়াতের নূর যখন অন্তরে প্রবেশ করে তখন সেটা উন্মুক্ত হয়ে যায়। 

তখন তাঁকে জিজ্ঞাসা করা হল, হে আল্লাহর রাসূল! ওই অবস্থা বুঝার কি কোনো নির্দশন আছে? তিনি বললেন হ্যা, প্রতারণার ঘর অর্থাৎ দুনিয়া থেকে পৃথক হয়ে চিরস্থায়ী ঘর আখেরাতের প্রতি আকৃষ্ট হওয়া এবং মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা (মেশকাতুল মাসাবীহ : ৫১৭৯, মুসনাদে আহমাদ : ১৯৬৮৭) অপর এক হাদীসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যখন তোমরা কোনো বান্দাকে দেখবে যে, সে পৃথিবীর প্রতি অনাসক্ত ও স্বল্পভাষী, তখন তোমরা তার সাহচর্য অবলম্বন করবে। কেননা তাকে হেকমাত দান করা হয়েছে। (মেশকাতুল  মাসাবীহ: ৫২২৯)

লেখক:  পেশ ইমাম ও খতীব, রাজশাহী কলেজ কেন্দ্রীয় মসজিদ।