নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল নীচা বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।

রোববার (২২ নভেম্বর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে পাটুল নীচা বাজার থেকে খোলাবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে রাখা সাদা রঙের বাজারের ব্যাগ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

এসআরবি-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে জানতে পারে, ওই স্থানে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে রয়েছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে নির্দেশনা অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছায় দলটি।

সেখানে বোমা নিষ্ক্রিয়করণ দলের (বম্ব ডিসপোজাল টিম) সহায়তায় ব্যাগটি তল্লাশি করে ছয়টি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। পরে উপস্থিত লোকজনের সামনে সেগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়।

এসআরবি-৫ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র কারবারিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।