নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সহড়ন্দ ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আগুনে পুড়ে যাওয়া দলীয় কার্যালয় পরিদর্শন করেছেন বিএনপির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

শনিবার (২১ নভেম্বর) সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে আগুনে ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয়টি ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তৌফিক শাহ্ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম গামা, যুবদল নেতা আবুল কালামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ আগুন লাগার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে, দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় ১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। তবে মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে তেঁতুলিয়া ইউনিয়নের সহড়ন্দ ৮ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। ঘটনার পর থেকেই স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।