কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি দানবাক্স খুলে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়ার পাশাপাশি এসব স্বর্ণালংকারের সন্ধান মেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা মসজিদের ইমাম মুফতি মিজবাহ উদ্দীন।
শনিবার সকাল ৭টার দিকে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী গণনার জন্য নেওয়া হয়। গণনার একপর্যায়ে স্বর্ণের চামচ ও বাটি পাওয়া যায়। নগদ টাকার পাশাপাশি মূল্যবান এসব সামগ্রী পাওয়ার ঘটনায় উপস্থিতদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
মসজিদ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রায় চার মাস ২৪ দিন পর এবার দানবাক্সগুলো খোলা হয়েছে। এতে মোট ৫১ বস্তা টাকা পাওয়া যায়। শনিবার দুপুর পর্যন্ত গণনা করা টাকা থেকে ১০ কোটি টাকা রূপালী ব্যাংকে পাঠানো হয়েছে। বাকি টাকা গণনার কাজ চলছিল।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হকসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ।
প্রতি দফায় পাগলা মসজিদের দানবাক্স খোলার পর বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী পাওয়া যায়। এবার স্বর্ণের চামচ ও বাটি পাওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে ঐতিহাসিক এই মসজিদ।