শেয়ারে নজিরবিহীন ধস! তিন শতাংশ বাজার মূলধন হারিয়ে তিন নম্বর তকমা খোয়াল এনভিডিয়া, টপকে গেল গুগ্‌লের মূল সংস্থা

শুক্রবারের লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় তিন শতাংশ কমে যায়। সংস্থাটির বাজার মূলধন কমে দাঁড়ায় প্রায় ৩.৪ লক্ষ কোটি ডলারে। ফলে এনভিডিয়াকে টপকে গেল অ্যালফাবেট।
 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে বাড়তে থাকা সংশয়ের জেরে বিশ্ব জুড়ে শেয়ারবাজারে বড়সড় ধস। টানা দরপতনের জেরে মার্কিন শেয়ারবাজারে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ চিপ নির্মাতা সংস্থা এনভিডিয়ার শেয়ার। লাগাতার পড়ছে উন্নতমানের এই এআই চিপ নির্মাতা সংস্থাটির স্টক। শুক্রবার ফের শেয়ারের দরপতনের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বাধিক মূল্যবান সংস্থার স্বীকৃতি হারাল এনভিডিয়া। সংস্থাটির বাজার মূলধন নেমে এসেছে গুগ্‌লের মূল সংস্থা অ্যালফাবেটের নীচে। বাজার মূলধন বা মার্কেট ক্যাপিটালাইজেশন হল শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনও সংস্থার শেয়ারের বর্তমান মূল্য।

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ (এলএসইজি)-র তথ্য অনুযায়ী, শুক্রবারের লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় তিন শতাংশ কমে যায়। এর ফলে, সংস্থাটির বাজার মূলধন কমে দাঁড়ায় প্রায় ৩.৪ লক্ষ কোটি ডলারে। ৩ লক্ষ ৪৪ হাজার কোটি ডলারের বাজার মূলধন নিয়ে এনভিডিয়াকে টপকে গেল অ্যালফাবেট। ‘ফার্স্ট ও সেকেন্ড বয়ের’ স্থান ধরে রেখেছে যথাক্রমে অ্যাপ্‌ল ও  দাম কমার জেরে এনভিডিয়ার লোকসানের ধারা টানা সাতটি ট্রেডিং সেশনে পৌঁছেছে। ২০০৮ সালের পর এই প্রথম এত দীর্ঘ সময় ধরে পতনের মুখে পড়ল সংস্থাটির শেয়ার। উল্লেখযোগ্য বিষয় হল, ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকেও ছাপিয়ে যাওয়া ত্রৈমাসিক আর্থিক ফল প্রকাশের মাত্র কয়েক দিনের মধ্যেই এনভিডিয়ার শেয়ার নতুন করে বিক্রির হিড়িক পড়ে গিয়েছে। বিনিয়োগ বিশেষজ্ঞদের একাংশের মতে, সংস্থার আর্থিক ফলাফল ভাল হওয়া সত্ত্বেও, তাদের ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কাটছে না। বিশেষত, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের ভবিষ্যৎ এবং প্রযুক্তি খাতের অনিশ্চয়তা এনভিডিয়ার শেয়ারের উপর চাপ বাড়াচ্ছে।


সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াঙের পদত্যাগের পর সংস্থাটির তরফে প্রকাশিত এই আর্থিক ফলাফলও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সক্ষম হয়নি। এনভিডিয়ার শেয়ারের দুর্বলতার প্রভাব ছড়িয়ে পড়ে সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অন্যান্য সংস্থার শেয়ারেও। এর জেরে, গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে অন্যতম বড় দরপতনের সাক্ষী রইল ওয়াল স্ট্রিট। প্রযুক্তি খাতের শেয়ারগুলি বিক্রির হিড়িক পড়ে যাওয়ায় ন্যাসড্যাকের কম্পোজিট সূচক ৫.৩% কমে ঋণাত্মক অবস্থানে চলে যায় শুক্রবার। প্রযুক্তি খাতের সংস্থাগুলির অতিরিক্ত মূল্যায়ন, মুদ্রাস্ফীতির চাপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে বিপুল বিনিয়োগের ধারাবাহিকতা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে বাড়ছে উদ্বেগ। এই আশঙ্কার জেরে বিশ্ব জুড়ে শেয়ারবাজারে ব্যাপক বিক্রির চাপ তৈরি করেছে।