বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সেবা উন্নয়ন খাতের কর্মচারী ও মেডিকেল টেকনোলজিস্টরা। দাবি পূরণ না হলে আগামী সোমবার থেকে কর্মবিরতি এবং পরবর্তী সময়ে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগের (আউটডোর) ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্যাথলজি ও রেডিওথেরাপি বহির্বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে চিঠি চালাচালি, হাসপাতালের পরিচালকের সঙ্গে একাধিকবার বৈঠকের চেষ্টা এবং মন্ত্রণালয়ে অবহিত করেও কোনো সমাধান পাওয়া যায়নি। বর্তমান বাজারদর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সন্তানদের পড়াশোনার ব্যয়ের তুলনায় তাঁদের বেতন অত্যন্ত অপ্রতুল।

আন্দোলনকারীরা জানান, দাবি বিবেচনা করে সমাধানের জন্য কর্তৃপক্ষকে এক দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামী সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। মঙ্গলবার থেকে শুরু হবে পূর্ণদিবস কর্মবিরতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা।
বক্তারা আরও বলেন, তাঁদের কর্মসূচির কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সম্ভাব্য ভোগান্তির জন্য তাঁরা আন্তরিকভাবে দুঃখিত। তবে কর্তৃপক্ষ দ্রুত দাবি মেনে নিলে সম্মানের সঙ্গে তাঁরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবেন।