নাটোরের নলডাঙ্গা উপজেলায় আবারও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পাকা সড়কের ওপর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরপর এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার ২ নম্বর মাধনগর ইউনিয়নের বাঁশিলা গোরস্থান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কের ওপর আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সড়কে আগুন জ্বলতে দেখে স্থানীয় পথচারীরা তাৎক্ষণিকভাবে নলডাঙ্গা থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোঃ মনোয়ার জাহানের নির্দেশনায় থানার জরুরি দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. সানোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে।
তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কী উদ্দেশ্যে সড়কে আগুন দেওয়া হয়েছে এবং উদ্ধার করা বস্তু দুটি প্রকৃতপক্ষে কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ১৮ নভেম্বর রাতেও নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কে আগুন দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় পিস্তলসদৃশ একটি বস্তু উদ্ধারের কথাও জানানো হয়েছিল। মাত্র দুই দিনের ব্যবধানে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।