রাজশাহীর দুর্গাপুরে সন্ত্রাসবিরোধী অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কিসমত গণকৌড় ইউনিয়নের গণকৈড় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম দুলাল হোসেন (৪০)। তিনি কিশমতগণকৈড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গণকৈড় গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে নিজ বাড়ি থেকে দুলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ইতিপূর্বে দুর্গাপুর থানায় মামলা রয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার এসআই আব্দুল মজিদ জানান, দুলালকে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জানা যায়, যুবলীগ নেতা দুলাল ২০২৪ সালে জুলাইয়ে ছাত্রজনতার আন্দোলনের সময় বাগমারা আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। আওয়ামী লীগের বিভিন্ন সভা সেমিনারে অংশ নেন। তিনি সাবেক এই এমপি কালামের ডান হাত হিসাবে কাজ করতেন। সাবেক এমপি কালামের ক্যাডার হিসাবেও কাজ করতেন দুলাল। 

বিগত সময়ে ওই এলাকার সাধারণ মানুষের উপর হামলা, জায়গা জমি দখল, বিএনপির নেতাকর্মীদের মারধরসহ বিভিন্ন অভিযোগ রয়েছে যুবলীগ নেতা দুলালের বিরুদ্ধে। তিনি সামান্য একজন ভ্যান চালক থেকে যুবলীগের পদ পাওয়ার পর হঠাৎ করেই বিপুল টাকার মালিক হন। ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেও পরে আবারো প্রকাশ্যে এসে এলাকার মানুষদের ভয়ভীতি দেখানো, মারধর হয়রানি করতে থাকে। 

এমন কি আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার ঘোষণা দেয়ার পর এলাকার আ.লীগ, যুবলীগ নেতাদের নিয়ে গোপনে মিটিং করার অভিযোগ রয়েছে এই যুবলীগ নেতার বিরুদ্ধে।

তার বিরুদ্ধে দুর্গাপুর থানায় অন্তত চারটি অভিযোগ রয়েছে বলে জানা গেছে।