রাজশাহীর পবা উপজেলা বিএনপির নেতা শাজাহান আলীল আটার মিলে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজালকে আটক করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে পবা উপজেলার আমান কোল্ড স্টোরেজের সামনের আটার মিল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ জানায়, মোস্তাফিজুর রহমান মানজাল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পবা বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পবা থানা পুলিশ।

স্থানীয়রা জানান, পবার বিএনপি নেতা শাজাহানের ওই মিলেই দীর্ঘদিন থেকে মানজাল আত্মগোপনে ছিলেন। এই বিএনপি নেতা তাকে সেখানে সেল্টার দিয়ে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।

মানজাল রাজশাহীর সুজা উদ্দোলা কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি বিগত আওয়ামী লীগের সময় কলেজকেই আওয়ামী লীগের দলীয় অফিসের রুপ দিয়েছিলেন।