রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম, চন্দ্রিমা, রাজপাড়া ও বোয়ালিয়া থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৩৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শাহমখদুম, চন্দ্রিমা ও রাজপাড়া থানা পুলিশ এসব অভিযান চালায়। এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাতে বোয়ালিয়া থানা পুলিশ অপর একটি অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শাহমখদুম থানা পুলিশ কুচপাড়া চার রাস্তার মোড়ে অভিযান চালিয়ে বড়বনগ্রাম (উত্তর রায়পাড়া) এলাকার মো. বাবর আলী ভিকুর ছেলে লিটনকে (৩৫) গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

একই দিন রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ মেহেরচণ্ডী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মতিন ওরফে বুদ্দিনের স্ত্রী মোসা. সোনিয়া বেগমকে (৩০) গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজপাড়া থানা পুলিশ ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন দাশপুকুর মধ্যপাড়ার মো. ইসমাইল হোসেন ওরফে সবুজ (৩২), তেরখাদিয়া পশ্চিমপাড়ার মো. মারুফ হোসেন (২০), দামকুড়া থানার বেরপাড়া গ্রামের মো. ছাদিকুল ইসলাম (২০) এবং বর্তমানে দামকুড়া থানার আলোকছত্র গ্রামে বসবাসরত মো. মুকুল (৪৪)। এ সময় তাঁদের কাছ থেকে ২ পিস ইয়াবা, ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ইসমাইল হোসেন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি এবং পেনাল কোডে একটি মামলা রয়েছে।

এ ছাড়া বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ শিরোইল এলাকার ঢাকা বাসস্ট্যান্ডের সামনে তিন মাথার মোড়ে অভিযান চালিয়ে নওগাঁর পত্নীতলা থানার ঐবত্তখন্ড গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো. মানিউর রহমান (৩৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।