রাজশাহী মহানগরীর কাটাখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. অন্তর আলী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে মাদক সেবনের উদ্দেশ্যে ট্যাবলেট নিজের হেফাজতে রাখার অপরাধ স্বীকার করায় তাঁকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া আজিজুল মোড় এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্তর আলী চর শ্যামপুর গ্রামের মো. আব্বাস আলী ওরফে আব্বান কসাইয়ের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়। সেখানে তিনি ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার অপরাধ স্বীকার করেন। পরে শুনানি শেষে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত তাঁকে চার মাসের কারাদণ্ড দেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং অপরাধ দমনে মহানগর পুলিশের মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।