বগুড়ার ধুনট উপজেলা গত দুই দিনে পৃথক দুটো স্থানে পেট্রোল বোমা বিস্ফোরনের ঘটনা ঘটার খবর পাওয়া গেছে। এর মধ্যে ধুনট উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে ও অন্যটি উপজেলার মথুরাপুর বাজারে গ্রামীন ব্যাংক কার্যালয়ের সামনে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ধুনট উপজেলা বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে বাজারে টহল পুলিশ সদস্য ও বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সড়কে টায়ার জ্বলতে এবং বিস্ফোরণের আলামত দেখতে পান। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। ধুনট উপজেলা বিএনপি সব সময় নাশকতা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও রাজপথে থাকবে।
এর আগের দিন বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ধুনট উপজেলার গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখাটি উপজেলার পিরহাটী গ্রামে মথুরাপুর-চান্দাইকোনা সড়কের পাশে অবস্থিত।
এর আগেও গত বছরের ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে একই শাখার কার্যালয়ের প্রধান ফটকের সামনে ঝুলন্ত একটি ব্যাগ থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করেছিল পুলিশ। ফলে একই তারিখে পরপর দুই বছর ব্যাংকটিকে ঘিরে নাকতামুলক ঘটনায় বিষয়টি আলোচনায় এসেছে। তবে ১বছর পেরিয়ে গেলেও ওই ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করতে পারেনি পুলিশ।
এসব ঘটনা প্রসঙ্গে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সড়কে ককটেল ও পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পলিথিনে মোড়ানো একটি বস্তু পাওয়া গেছে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখায় কাঁচের বোতলে করে দাহ্য পদার্থ ব্যাংক ভবন লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। সবগুলো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।