রাজশাহীর মোহনপুরে বাড়ির পাশের পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার করিশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শেফালী বেগম করিশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তাঁর বাবার নাম কোঁকড়া।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান শেফালী বেগম। রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির পাশে কোনো কিছুর শব্দ শুনে ঘুম ভেঙে যায় তাঁর ছেলে মো. নবাব আলীর। ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে তিনি দেখতে পান, বাড়ির বাইরের গেট বন্ধ থাকলেও তাঁর মা ঘরে নেই।
এরপর পরিবারের সদস্যদের নিয়ে মাকে খোঁজাখুঁজি শুরু করেন নবাব আলী। একপর্যায়ে বাড়ির পাশের একটি পানের বরজে শেফালী বেগমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।