রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিএসটিআই, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুর্গাপুর বাজার ও মেডিকেল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই মিষ্টি, দই ও কেক বিক্রি এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার দায়ে চারটি মিষ্টির দোকানকে জরিমানা করা হয়। 

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- দুর্গাপুর বাজারের আসিফ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, শাকিল মিষ্টান্ন ভান্ডারকে ৮ হাজার টাকা, দুর্গাপুর মিষ্টি বাড়ীকে ৫ হাজার টাকা এবং দুর্গাপুর মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা।

এ ছাড়া বিএসটিআইয়ের গুণগত মানসনদ ও ছাড়পত্র ছাড়া এবং বৈধ আমদানি প্রক্রিয়া অনুসরণ না করে বিদেশি চকলেট, লজেন্স, শ্যাম্পু, লোশন ও স্কিন ক্রিম বিক্রির দায়ে মেডিকেল মোড়ের নিশাত গিফট কর্ণারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।