রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এসব অভিযানে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ২৭ হাজার টাকাও জব্দ করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) মহানগরীর কাশিয়াডাঙ্গা, খড়খড়ি, বেলপুকুর, মধ্য নওদাপাড়া ও ধরমপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আরএমপির কাশিয়াডাঙ্গা থানা, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), বেলপুকুর থানা, শাহমখদুম থানা এবং মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে কাশিয়াডাঙ্গা থানার পুলিশ গুড়িপাড়া ক্লাব মোড় এলাকায় অভিযান চালিয়ে মোসা. জুলেখা বেগম ওরফে পুতলি (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ০.৪০ গ্রাম হেরোইন, চারটি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

একই দিন রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশ খড়খড়ি (ভাটাপাড়া) গ্রামের মোসা. ওছিরন বেগম (৫০)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৪০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে বেলপুকুর থানা পুলিশ ভড়ুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মাসুম আলী (২২)-কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ৩১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন ভোর পৌনে ৬টার দিকে বেলপুকুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান (৪১) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে বেলপুকুর থানায় আগের একটি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে শাহমখদুম থানা পুলিশ মধ্য নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শ্রী পরিতস পাহাড়ী (২৯) ও মো. শরিফুল ইসলাম (৩৭)-কে গ্রেপ্তার করে। এ সময় পরিতস পাহাড়ীর কাছ থেকে তিন লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা দুজন পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। শরিফুল ইসলামের বিরুদ্ধেও শাহমখদুম থানায় আগের একটি মাদক মামলা রয়েছে।

এ ছাড়া, সকাল ৭টার দিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি ধরমপুর (পেঁপে বাগান) এলাকায় মো. ফাইসাল (২১)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।