রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনের দায়ে চারজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকার মো. ইব্রাহিম শেখের ছেলে মীম শেখ (২০), শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার মো. সেলিমের ছেলে শাকিল হোসেন (২৮), রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট গ্রামের আ. রবের ছেলে ইসমাইল হোসেন (২০) এবং পবা উপজেলার নওহাটা পিল্লাপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে জাকারিয়া ইসলাম।

পরে ভ্রাম্যমাণ আদালত মীম শেখকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, শাকিল হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং ইসমাইল হোসেন ও জাকারিয়া ইসলামকে এক দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন।

রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে।