• হিমেল হাওয়ায় কাঁপে জনপদ, কুয়াশায় ঢাকা পথ,
    শীতের ছোঁয়ায় উত্তরের মানুষ, বাড়ছে কষ্ট-ক্ষত।
    অগ্রহায়ণের শুরুতেই শীত দেখাচ্ছে তার রূপ,
    পঞ্চগড়ের সকালজুড়ে কুয়াশা যেন ধূসর এক ধূপ।

হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। সন্ধ্যা নামতেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। রাতভর বৃষ্টির ফোঁটার মতো ঝরছে শিশির। ভোরে সূর্যের দেখা মিললেও মিলছে না উষ্ণতা। ক্রমেই বাড়ছে শীতের দাপট।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটিই পঞ্চগড়ের সর্বনিম্ন এবং সারা দেশের মধ্যেও সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি। সকাল ৬টায় ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

  • কুয়াশার ঘনঘটা, শীতের হিমেল পরশ,
    সকাল হলেই বাড়ছে যেন ঠান্ডার সর্বনাশ।
    জীবিকার তাগিদে যারা বের হন ভোরবেলা,
    শীতের কাছে হার মানে তাদের কর্মের মেলা।

ঘন কুয়াশার কারণে ভোরে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে ইজিবাইকচালক, ভ্যানচালক ও কৃষিশ্রমিকদের জন্য সকালবেলা কাজ করা কঠিন হয়ে পড়েছে। শীতে কাবু হচ্ছেন শিশু ও বয়স্করাও।

29df29fb-5eda-45e4-929f-c213b515b540.png

দেবীগঞ্জ উপজেলার বামোলি ইউনিয়নের শান্তিরহাট এলাকার ইজিবাইকচালক আমিনুল ইসলাম বলেন, অগ্রহায়ণ মাসের শুরু থেকেই শীতের তীব্রতা বেড়েছে। কয়েক দিন ধরে ঘন কুয়াশা পড়ছে। সকালে ইজিবাইক নিয়ে বের হলে ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে। খোলা ভ্যান হওয়ায় সকালে যাত্রীও কম পাওয়া যায়, আয়ও কমে গেছে।

সদর উপজেলার কৃষিশ্রমিক মাহাবু বলেন, সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে, যা সকাল পর্যন্ত থাকে। রাত যত গভীর হয়, কুয়াশাও তত বাড়ে। সকালে ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে। এমন আবহাওয়ায় কাজে যাওয়া বেশ কষ্টকর হয়ে পড়েছে।

এদিকে শীতের এই দাপট আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। নিম্নচাপের কারণে আকাশে জমে থাকা মেঘমালা কুয়াশা হয়ে ঝরছে। ধীরে ধীরে শীত বাড়বে। চলতি মাসের শেষের দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।