পঞ্চগড়ে বাড়ির উঠানে খেলা করার সময় শিয়ালের কামড়ে জিহাত (৫) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতপুকুরি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিশু জিহাত একই এলাকার রিপন ইসলামের ছেলে।
পরিবারের সূত্রে জানা যায়, শিশু জিহাত বাড়ির উঠানের কাছাকাছি আরেক শিশুর সাথে খেলাধুলা করছিল। এ সময় পাশে থাকা একটি চা বাগান থেকে হঠাৎ একটি শিয়াল বাড়ির উঠানে এসে আকস্মিক শিশুটিকে আক্রমণ করে। অপর শিশুটি পালিয়ে গেলেও- শিয়ালের কামড়ে জিহাতের মুখ সহ শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত সৃষ্টি হয়।
তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে শিয়ালটি পালিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা প্রদান করে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ রেজওয়ানুল্লাহ রহমান রেজা বলেন, শিয়ালের কামড়ে আহত শিশুটিকে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভ্যাকসিন দেয়া হয়েছে। অবস্থা স্বাভাবিক থাকায় ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।