চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার সকালে প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ১০টি হাতবোমা (ককটেল) উদ্ধার করেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মহারাজপুর নতুনপাড়া গ্রামের মৃত মনিমুল বিশ্বাসের ছেলে দুরুল হোদার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়ির দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। হামলাকারীরা বাড়িতে থাকা ১ লাখ ৭৫ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
পরে দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ। একই দিন বিকেলে মহারাজপুর এলাকা থেকে ১০টি হাতবোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের আটক করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মহারাজপুর এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওদুদ মহরিল ও জালাল মেম্বারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। গত দুই মাসে ওই এলাকায় কয়েক দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শতাধিক ককটেল উদ্ধার করেছে বলেও জানা গেছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় জালাল মেম্বারের ওপর হামলার ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই হামলার জের ধরে বুধবার সকালে জালাল মেম্বারের সমর্থকেরা দুরুল হোদার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান বলে অভিযোগ উঠেছে।
তবে দুরুল হোদার পরিবারের দাবি, দুই পক্ষের সঙ্গেই তাঁদের পারিবারিক সম্পর্ক রয়েছে। কিন্তু জালাল মেম্বারের ওপর হামলার ঘটনায় তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। এরপরও তাঁদের সন্দেহ করে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের পূর্ববিরোধের জেরেই বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।