পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আগামী ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে পাবনা-ঢাকা রুটের সরাসরি আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। ২০ নভেম্বর থেকে শুরু হবে ট্রেন দুটির নিয়মিত বাণিজ্যিক চলাচল।

দীর্ঘ কয়েক দশকের অপেক্ষা, আন্দোলন ও দাবির পর সরাসরি রেল যোগাযোগের সুযোগ পেতে যাচ্ছেন পাবনাবাসী। নতুন ট্রেন চালুর খবরে পাবনা রেলওয়ে স্টেশনে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। উদ্বোধনী দিনের টিকিট বিক্রিতেও দেখা গেছে যাত্রীদের ব্যাপক আগ্রহ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর থেকে উদ্বোধনী দিনের টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিনেই পাবনা-ঈশ্বরদী রুটের ৯২টি টিকিট বিক্রি হয়ে যায়। অন্যদিকে, পাবনা স্টেশনের জন্য বরাদ্দ করা ৪২৫টি নন-এসি টিকিটের মধ্যে ৩২১টি এবং ঈশ্বরদী স্টেশনের ১৮৪টি টিকিটের মধ্যে ১৪০টি মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের মধ্যেই বিক্রি হয়েছে।

পাবনা স্টেশনের হেড বুকিং সহকারী মিরাজুল ইসলাম জানান, উদ্বোধনের দিন অনেক যাত্রী শুধু ঢাকায় যাওয়ার জন্য নয়, বরং নতুন ট্রেনের প্রথম যাত্রার সাক্ষী হতে টিকিট সংগ্রহ করছেন। স্টেশন মাস্টার মাহাবুল ইসলাম জানান, উদ্বোধনী দিনের জন্য এসি ও কেবিনের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। তবে নন-এসি আসনের টিকিটের চাহিদা ব্যাপক।

টিকিট সংগ্রহ করতে আসা যাত্রীদের একজন মো. আল হাসিব বলেন, ছোটবেলা থেকেই ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগের স্বপ্ন দেখেছেন তিনি। হাতে টিকিট পাওয়ার পর সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার অনুভূতি হচ্ছে।

তবে নতুন ট্রেন চালুর আনন্দের পাশাপাশি ট্রেনের মান উন্নয়নের দাবিও জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, ট্রেনটিকে ডি-গ্রেডের পরিবর্তে এ-গ্রেডে উন্নীত করে আরও আধুনিক ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করতে হবে।

১০৯ বছরের রেল ইতিহাসে নতুন অধ্যায়

১৯১৫ সালে হার্ডিঞ্জ ব্রিজ চালুর মধ্য দিয়ে এ অঞ্চলে রেল যোগাযোগের সূচনা হলেও পাবনা জেলা সদর দীর্ঘদিন সরাসরি রেল যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত ছিল। ১৯৯৮ সালে যমুনা সেতু চালুর পরও ঢাকায় যাতায়াতের জন্য পাবনাবাসীকে বাস কিংবা বিকল্প রেলপথের ওপর নির্ভর করতে হয়েছে। দীর্ঘদিনের সেই ভোগান্তির অবসান ঘটাতে যাচ্ছে নতুন এই আন্তঃনগর ট্রেন।

উদ্বোধন করবেন রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় পাবনা রেলওয়ে স্টেশনে ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলামসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনী বিশেষ ট্রেনটি পাবনা থেকে ছেড়ে ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

নিয়মিত চলাচলের সময়সূচি

রেলওয়ে সূত্রে জানা গেছে, ভারত থেকে আমদানি করা ১৮টি কোচের মধ্য থেকে ১২টি কোচ নিয়ে ট্রেন দুটি নিয়মিত চলাচল করবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’। অন্যদিকে, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে আসবে বিকেল ৩টা ২৫ মিনিটে।

পথে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।

ভাড়া কত?

নতুন ট্রেনে পাবনা-ঢাকা রুটে যাতায়াতের জন্য নির্ধারিত ভাড়া হলো:

  • নন-এসি (শোভন চেয়ার): ৩২৫ টাকা
  • এসি চেয়ার: ৮১৭ টাকা
  • এসি কেবিন: প্রতি আসন ৯৭৮ টাকা

বর্তমানে বাসে পাবনা থেকে ঢাকা যাতায়াতে ৬০০ থেকে প্রায় ১ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। সে তুলনায় ট্রেনের ভাড়া যাত্রীদের জন্য স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রতিদিন মিলবে ৮৫২ আসন

পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানান, নতুন কোচগুলোতে পাবনা স্টেশন থেকে ২৪টি এসি কেবিন, ৭০টি এসি চেয়ার এবং ৩৫৮টি নন-এসি আসন বরাদ্দ থাকবে।

এ ছাড়া ঈশ্বরদী স্টেশন থেকে ১২টি এসি কেবিন, ৬০টি এসি চেয়ার ও ১৮৪টি নন-এসি আসন এবং চাটমোহর স্টেশন থেকে ৪টি এসি কেবিন, ১০টি এসি চেয়ার ও ৩০টি নন-এসি আসনে যাত্রীরা ভ্রমণ করতে পারবেন।

সব মিলিয়ে পাবনা জেলা থেকে যাত্রীদের জন্য বরাদ্দ থাকবে ৭৫২টি আসন। ঢাকা থেকে পাবনা পর্যন্ত মোট আসনসংখ্যা ৮৫২টি।

টিকিট পাওয়া যাবে অনলাইনে

রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট ইতোমধ্যে অনলাইনে পাওয়া যাচ্ছে। পরবর্তী সময়ে প্রতিটি যাত্রার নির্ধারিত তারিখের ১০ দিন আগে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।

নতুন এই ট্রেন চালুর মধ্য দিয়ে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি রাজধানীর সঙ্গে জেলার যোগাযোগব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও রেলওয়ে সংশ্লিষ্টরা।