রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশ চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে রজব আলী (২৫) ও সাগর আলীকে (২১) গ্রেপ্তার করে। রজব আলী ওই গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে এবং সাগর আলী মো. খোরশেদ আলমের ছেলে। এ সময় রজব আলীর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সাগর আলীর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় পেনাল কোড আইনে একটি মামলা রয়েছে।

এর আগে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে ডিবি পুলিশ বোয়ালিয়া থানার দরিখরবোনা (কাদিরগঞ্জ) এলাকায় অভিযান চালিয়ে সাথী আক্তার (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মৃত আহসান হাবিব লিটনের মেয়ে। তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৮৩০ টাকা জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধেও বোয়ালিয়া থানায় পেনাল কোড আইনে একটি মামলা রয়েছে।

অন্যদিকে, গত ১৬ নভেম্বর রাত সোয়া ১১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ সাগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোস্তাকুর রহমান সাজ্জাদ (২৬) নামে আরেকজনকে গ্রেপ্তার করে। তিনি শেখের চক (বিহারী বাগান) এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে। তাঁর কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, একই সময়ে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১৫ জন, মাদক মামলায় সাতজন এবং অন্যান্য মামলায় তিনজন রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে আরএমপি।