রাজশাহী মহানগরীর নওহাটায় বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মো. জাকিরুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা পুলিশ। এ সময় তাঁর বাড়ি থেকে একটি খেলনা পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর রাত পৌনে ১২টার দিকে মহানগরীর নওহাটা ছাগল হাটের পাশে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীরা এলাকায় নাশকতা সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করে।

এরই ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে পবা থানার মধুসুদনপুর এলাকায় অভিযান চালিয়ে জাকিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে। পরে তাঁর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে খেলনা পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আরএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার জাকিরুল ইসলাম কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছে আরএমপি।