রাজশাহীর মোহনপুরে ১১৫ পিস ইয়াবা ও ৭৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিএসসি, রাজশাহী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা ২৫ মিনিটে মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের খয়রা উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খয়রা উত্তরপাড়া গ্রামের মো. মুক্তার সরকার (৩১) ও মো. হেলাল মন্ডল (৪০) এবং মাটিকাটা পূর্বপাড়া গ্রামের মো. রজব আলী (৪১)। তাঁদের বাবার নাম যথাক্রমে মো. মোকছেদ সরকার, মো. শরিফ মন্ডল ও মৃত শুকর আলী।

এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন বলে জানতে পারে আভিযানিক দল। পরে সেখানে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে ১১৫ পিস ইয়াবা, ৭৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্টফোন ও নগদ ৮ হাজার ৭০ টাকা জব্দ করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।