নওগাঁর মহাদেবপুরে পাকা সড়কের ধারে ধান ক্ষেতের পাশে পড়ে ছিল এরশাদ আলী (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ। তিনি উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।
মহাদেবপুর থানা পুলিশ দুপুরে চাঁন্দাশ ইউনিয়নের খাজুর-বাগডোব পাকা সড়কের জেকাতকানো মোড়ের দক্ষিণ পাশের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। নিহত এরশাদ ১০ বছর ধরে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। ছয় মাস আগে মেয়েকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে বাড়ি ফিরে এসে আর ঢাকায় যাননি। এরপর থেকে তিনি গরু কেনাবেচার ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। তার স্বজনদের অভিযো, গত রাতে কে বা কারা তাঁকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছে বলে স্থানীয়দের ধারণা।