আগামী ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ তান্ডব চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের বেশ কয়েকটি গাড়ি, মোটরসাইকেল এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি ও আশপাশের অন্তত ১৫-টি বাড়িতে আগুন দেয়।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়া এলাকায় এই সহিংসতার চিত্র দেখা যায়। তবে এদিন গতকালের মত অবস্থা দেখা যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৭নভেম্বর) সন্ধ্যায় নবাগত অফিসার ইনচার্জ এমরানুল কবিরের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে থেকে কেরাম বোর্ড খেলতে থাকা কিছু কলেজ ছাত্রকে গ্রেফতার করে ও রাস্তার পাশে থাকা কয়েকটি মোটরসাইকেল উঠিয়ে নিয়ে যায় পুলিশ। এরপর গ্রেফতারে বাধা দেওয়া এবং আসামিদের ছাড়িয়ে আনার দাবিতে টুঙ্গিপাড়ায় মাইকিং করে আওয়ামী লীগের সমর্থক ও বিক্ষুব্ধ জনতা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় গুলিতে দুজনসহ বেশ কয়েকজন আহত হন। একপর্যায়ে তারা দলবদ্ধ হয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা চালায় এবং থানা ভবনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এদিকে টুঙ্গিপাড়ার নিলফা বাজারে হামলাকারীরা রাস্তা অবরুদ্ধ করলে সেখানে দ্রুত বিজিবি টিম পৌঁছায়। এ সময় বিজিবি ও আওয়ামী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে।

একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুলিশের একাধিক গাড়ি ও অন্তত ৪টি বিজিবি ও পুলিশের গাড়ি এবং সাজোয়া যানে (আর্মড ভেহিকেল) আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
আজ বুধবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পয়েন্ট ঘুরে পুলিশ, বিজিবি কিংবা আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে রাস্তাঘাট গাছের গুড়ি ও বিদ্যুৎ পিলার ফেলে রাস্তা বেরিগেটেড দৃশ্য দেখা যায়। যান চলাচল ব্যাহত হচ্ছে।

তবে অন্যদিকে গোপালগঞ্জ জেলা শহরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিছুটা কম থাকলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরের দোকানপাট খোলা রয়েছে এবং রাস্তাঘাটে স্বাভাবিক যান চলাচল লক্ষ করা গেছে।
এদিকে, সরকারি টুঙ্গিপাড়া কলেজ (বর্তমান) এর নাম পরিবর্তন করে পূর্বের নাম সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ এর ব্যানার টাঙিয়ে নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে টুৃঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।