দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ দেশের বিভিন্ন স্থানে অনিয়ম, দুর্নীতি ও সেবা প্রদানে হয়রানির সুনির্দিষ্ট অভিযোগে চারটি পৃথক অভিযান পরিচালনা করেছে। কিশোরগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ ও ঠাকুরগাঁওয়ে পরিচালিত এসব অভিযানে দালালচক্রের দৌরাত্ম্য, অবৈধ হাসপাতাল পরিচালনা, অতিরিক্ত ফি আদায় এবং ক্ষমতার অপব্যবহারের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক টিম।
বুধবার (১৮ নভেম্বর) দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, পাসপোর্ট সেবা প্রদানে হয়রানি, সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়, আবেদনপত্র গ্রহণে অনিয়ম এবং দালালচক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুদক জেলা কার্যালয়।
প্রথমে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করে। পরে সরাসরি পরিদর্শন ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে জানা যায়, অফিসের বাইরে অবস্থানরত দালালচক্র দ্রুত পাসপোর্ট পাইয়ে দেওয়ার আশ্বাসে অতিরিক্ত অর্থ আদায় করছে, যার প্রাথমিক সত্যতা মিলেছে।
এ ছাড়া দীর্ঘদিন ধরে পাসপোর্ট না পাওয়া এবং বিতরণে বিলম্বের অভিযোগও পাওয়া যায়। প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।
এদিকে, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত ‘জনসেবা হাসপাতাল’-এর লাইসেন্স ও অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা, নিম্নমানের ওষুধ ব্যবহার এবং চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর।
টিমের সদস্যরা রোগীর ছদ্মবেশে সেবা গ্রহণ ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে বৈধ কাগজপত্র দেখতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অনুমোদনপত্র দেখাতে ব্যর্থ হয়। প্রাপ্ত তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনা করে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
অন্যদিকে, জাবেদা নকল সরবরাহ ও দলিল নিবন্ধনে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালায় দুদক সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ।
টিমটি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের বিভিন্ন কক্ষ ও আশপাশে অবস্থান করে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে। উপস্থিত সেবাগ্রহীতাদের বক্তব্যে জানা যায়, দলিল লেখক সমিতির নামে দলিল লেখক, নকলনবিশ ও তল্লাশিকারকরা অতিরিক্ত অর্থ আদায় করছেন, যার প্রাথমিক সত্যতা মিলেছে। এ বিষয়ে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
এ ছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন পণ্য ক্রয়ে অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ এবং হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের ও স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকের নিলাম কার্যক্রমে অননুমোদিত অংশগ্রহণের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও।
এনফোর্সমেন্ট টিম যমুনা ব্যাংক পিএলসি, ঠাকুরগাঁও শাখা পরিদর্শন করে রেকর্ডপত্র সংগ্রহ করে। পর্যালোচনায় দেখা যায়, হাসপাতালের তত্ত্বাবধায়কের স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠান নিলামে বিজয়ী হয়েছে, যেখানে নিলাম প্রক্রিয়ায় প্রভাব বিস্তার ও স্বার্থের সংঘাতের প্রাথমিক সত্যতা মিলেছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়েও পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্য-উপাত্ত বিস্তারিত পর্যালোচনা করে প্রতিটি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।