রংপুর ও কুড়িগ্রামে পৃথক অভিযান চালিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাও রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এসআরবি-১৩-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে আরমান আলভী শাওন (২৪), রংপুরের মিঠাপুকুর উপজেলার পূর্ব চূহর এলাকার রুস্তুম আলীর ছেলে রাকিবুল ইসলাম বাপ্পী (২৮) এবং রংপুর মহানগরীর কোতোয়ালি থানার সাতগাড়া চড়কবাড়ী এলাকার মৃত মোখলেছরের ছেলে আজিম উদ্দিন (৫০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ নভেম্বর ভোর সাড়ে ৪টার দিকে এসআরবি-১৩-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল কুড়িগ্রামের উলিপুর উপজেলার ফকির মোহাম্মদ (নয়ালাড়ী) গ্রামের লোকমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় উলিপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার ২ নম্বর আসামি আরমান আলভী শাওনকে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বুড়াবুড়ী ইউনিয়ন শাখার সহসভাপতি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম সদর থানাধীন জেলা পরিষদ মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে রংপুরের মিঠাপুকুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় পলাতক আসামি রাকিবুল ইসলাম বাপ্পীকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন সাতগাড়া পর্যটন মোড় এলাকায় শরিফুল ইসলামের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় পলাতক আসামি আজিম উদ্দিনকে গ্রেফতার করে এসআরবি-১৩।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হত্যা, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এসআরবি-১৩-এর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।