রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধান ফটকের সামনে দুটি ককটেলের একটি বিস্ফোরিত হয়েছে এবং অপরটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার পরপরই নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসের প্রধান ফটক ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

8723ba1a-dda6-41b9-8fb3-b02281e99b93.png

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলের পাশেই আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এদিকে আগামী ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান এ তথ্য জানিয়েছেন।

তবে ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে ক্যাম্পাস বন্ধ রাখার হুমকির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েনের পাশাপাশি সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর।