চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আক্কেলপুর মহাতলা গ্রামে সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগে চরম দুর্ভোগে পড়েছেন ৪০টিরও বেশি পরিবারের মানুষ।

চলাচলের রাস্তা না থাকায় সরু জমির আইল দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাঁদের। যানবাহন তো দূরের কথা, অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হয় কাঁধে করে। এমনকি কারও মৃত্যু হলে মরদেহ বহনের খাটলিও নিয়ে যাওয়ার জায়গা থাকে না। সম্প্রতি এক বাসিন্দার মৃত্যুর পর তাঁর মরদেহ নিয়ে যেতে হয়েছে ধানখেতের ভেতর দিয়ে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি রাস্তার ওপর কয়েকটি বাড়ি নির্মাণ করায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে গ্রামটির মানুষের চলাচলের পথ। এ নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে একাধিকবার অভিযোগ জানিয়েও মেলেনি স্থায়ী সমাধান। ফলে প্রতিদিনই নানা ভোগান্তি নিয়ে দিন কাটাতে হচ্ছে গ্রামটির বাসিন্দাদের।

7ee4cc58-b060-4c9d-a17d-cbbbe0ee7f15.jpg

সরেজমিনে দেখা যায়, গ্রামের বাড়িগুলোর পাশ দিয়ে চলাচলের জন্য রয়েছে কেবল সরু জমির আইল। সেই পথ দিয়েই কোনো রকমে চলাচল করছেন নারী, শিশু, শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষ।

গ্রামে প্রবেশ করতে পারে না কোনো যানবাহন। জরুরি প্রয়োজনে কাউকে হাসপাতালে নিতে হলে কাঁধে করে মূল সড়কে নিয়ে যেতে হয়। একইভাবে চিকিৎসক কিংবা জরুরি সেবাদানকারীদেরও বাড়ি পর্যন্ত পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। সরু ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করতে হয় তাদের। বৃষ্টির দিনে কাদামাটিতে পিছলে পড়ে বই-খাতা ভিজে যায়। কখনো দুর্ঘটনায় হাত-পা ভাঙার মতো ঘটনাও ঘটে। অন্যদিকে কৃষকেরা উৎপাদিত ফসল জমি থেকে বাড়িতে কিংবা বাজারে নিতে গিয়ে পড়েন বিপাকে।

রাস্তার ওপর থাকা বেশ কয়েকটি বাড়ির মধ্যে অধিকাংশ বাসিন্দা স্থাপনা সরিয়ে নিতে রাজি হলেও কয়েকজনের আপত্তিতে আটকে রয়েছে পুরো গ্রামের মানুষের চলাচলের পথ। কয়েক দফায় প্রশাসনের লোকজন উচ্ছেদ কার্যক্রমের জন্য এলেও সময় দিয়ে ফিরে গেছেন। এদিকে দীর্ঘদিন ধরে রাস্তা উদ্ধারের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

সম্প্রতি গ্রামের এক বাসিন্দার মৃত্যুর পর তাঁর মরদেহ নিয়ে যাওয়ার মতো পথও পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ধানখেতের ভেতর দিয়ে মরদেহ বহন করতে হয় স্বজনদের। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা আরও বেড়েছে। তাঁদের প্রশ্ন, একজন মানুষের স্বাভাবিকভাবে চলাচলের পথটুকু নিশ্চিত করা হবে না কেন? এমনকি মৃত্যুর পরও কি মরদেহ নিয়ে যাওয়ার রাস্তা পাওয়া যাবে না? গ্রামবাসীরা দ্রুত সরকারি রাস্তা দখলমুক্ত করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, উচ্ছেদের জন্য চিঠি হয়েছে। ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। উচ্ছেদ কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে।

দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি চান আক্কেলপুর মহাতলা গ্রামের ৪০টিরও বেশি পরিবারের মানুষ। তাঁদের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর উদ্যোগে দ্রুত উদ্ধার হবে চলাচলের পথ। ফিরবে স্বাভাবিক যাতায়াতের সুযোগ। আর কোনো পরিবারকে যেন প্রিয়জনের মরদেহ নিয়ে ধানখেতের ভেতর দিয়ে যেতে না হয়।