‎বগুড়ার শেরপুরে সরকারি বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের বাসভবনের দেয়াল, শিক্ষাপ্রতিষ্ঠানের গেটের সামনে, চক্ষু হাসপাতালের সাইনবোর্ড এবং মহাসড়কের সড়ক বিভাজকসহ বিভিন্ন স্থানে লাল ও কালো রং দিয়ে লেখা হয়েছে ‘জয় বাংলা’ স্লোগান। উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থাপনার দেয়ালেও এ স্লোগান লেখা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এসব স্লোগান লেখা দেখা যায়।

‎সরেজমিনে দেখা যায়, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সরকারি বাসভবনের দেয়াল, মহাসড়ক-সংলগ্ন উপজেলা পরিষদের প্রধান ফটকের দেয়াল এবং উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের গেট ও দেয়ালে লাল রঙে ‘জয় বাংলা’ লেখা হয়েছে। 

এ ছাড়া গাড়ীদহ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়ালে, জেলা পরিষদ অডিটোরিয়াম-সংলগ্ন চক্ষু হাসপাতালের সাইনবোর্ড, নয়া পাড়ায় অবস্থিত উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট, শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের প্রধান গেটে ও মজিবুর রহমান বালিকা স্কুলের প্রধান ফটকের সামনেও একই স্লোগান দেখা গেছে।

‎শুধু সরকারি স্থাপনা বা শিক্ষাপ্রতিষ্ঠানই নয়, ঢাকা-বগুড়া মহাসড়কের থানা রোড এলাকার সড়ক বিভাজকের দুই পাশে, বিভিন্ন সাইনবোর্ডের নিচে এবং মহাসড়ক-সংলগ্ন বিভিন্ন দেয়ালেও লেখা হয়েছে ‘জয় বাংলা’। তবে এসব স্লোগান কারা, কখন এবং কী উদ্দেশ্যে লিখেছে, তা জানা যায়নি।

‎এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ‘প্রাথমিকভাবে বিষয়টি জানতে পেরেছি। তবে কে বা কারা এসব লিখেছে, সে বিষয়ে তদন্ত চলছে।’

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। থানা-পুলিশের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনার ৩দিন আগে  শনিবার (১৪ নভেম্বর)জেলার  ধুনট উপজেলায় জুলাই বিপ্লবের স্মৃতিবিজড়িত গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনা ঘটে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনার দেয়ালে এ স্লোগান দেখতে পান স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।