রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে দায়ের করা মামলার তদন্ত ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ী মো. আব্দুল মালেক বাবলু। তাঁর অভিযোগ, হারানো মালামাল উদ্ধারের পর এ ঘটনায় আটক দুই ব্যক্তিকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে না জানিয়ে আটক ব্যক্তিদের কাছ থেকে বক্তব্য নেওয়া হয়েছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কেশরহাট বাজার হাই স্কুল মার্কেটে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল মালেক। পরে মোহনপুর প্রেসক্লাবে আয়োজিত এক সমাজ সম্মেলনেও তিনি তাঁর অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে আব্দুল মালেক জানান, দীর্ঘদিন ধরে কেশরহাট বাজার হাই স্কুল মার্কেটে ভাড়া নেওয়া দোকানে ফিড ও ফার্নিচারের ব্যবসা করছেন তিনি। সম্প্রতি ব্যবসা সম্প্রসারণের জন্য পাশের আরেকটি ঘর ভাড়া নেওয়াকে কেন্দ্র করে নজরুল ইসলাম নিজামের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা ও পাল্টাপাল্টি আইনি পদক্ষেপের ঘটনাও ঘটেছে।
মালেকের অভিযোগ, গত রোববার একটি মামলার তদন্তের অংশ হিসেবে মোহনপুর থানা পুলিশের একটি দল তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে যায়। এ সময় হারানো কিছু ফার্নিচার ও যন্ত্রপাতির বিষয়ে খোঁজ নেয় পুলিশ। তিনি পুলিশকে জানান, প্রতিপক্ষের ছেলের বিক্রি করা কিছু মালামাল খোঁজ নিয়ে উদ্ধার করেছেন। পরে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে মালামালের ক্রেতা ও বিক্রেতাকে আটক করা হয়।
তবে আটকের পর ওই দুই ব্যক্তিকে রাতেই ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, পরবর্তী সময়ে জানতে পারেন, তাঁর অনুপস্থিতিতে এবং তাঁকে না জানিয়ে আটক ব্যক্তিদের কাছ থেকে তাঁর বিরুদ্ধে বক্তব্য নেওয়া হয়েছে। এতে মামলার তদন্তের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে তাঁর মনে প্রশ্ন দেখা দিয়েছে।
আব্দুল মালেক আরও জানান, এ মামলায় তাঁর পক্ষের লোকজনসহ মোট আটজন বর্তমানে জামিনে রয়েছেন। অন্যদিকে মামলার প্রধান আসামিসহ সাতজন এখনো গ্রেপ্তার হননি বলে দাবি করেন তিনি।
মোহনপুর প্রেসক্লাবে আয়োজিত সমাজ সম্মেলনে আব্দুল মালেক বলেন, মামলার শুরুতে হারানো মালামাল উদ্ধারে পুলিশের ভূমিকা ইতিবাচক মনে হলেও পরবর্তী কার্যক্রমে তিনি সন্তুষ্ট নন। তদন্তে কোনো ধরনের পক্ষপাতিত্ব হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
সংবাদ সম্মেলন ও সমাজ সম্মেলনে তিনি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, উদ্ধার হওয়া মালামাল-সংক্রান্ত বিষয়ে স্বচ্ছ তদন্ত এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।