পিরোজপুরের জিয়ানগর উপজেলায় সুপারি ও কলা চুরির অভিযোগে ৭৫ বছর বয়সী এক মানসিকভাবে অসুস্থ বৃদ্ধকে মারধর, কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ এবং গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধের নাম রুহুল আমিন। তিনি হতদরিদ্র ও মানসিকভাবে অসুস্থ বলে স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার প্রতিবেশী হাফেজ আব্দুল হালিমের বাড়ি থেকে এক ছড়া সুপারি ও এক ছড়া কলা নেওয়ার অভিযোগ ওঠে রুহুল আমিনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাঁর কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ করা হয়। একই সঙ্গে গলায় কলা ও সুপারি ঝুলিয়ে তাঁকে গ্রামে ঘোরানো হয় বলে জানা গেছে।

এ ঘটনার একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বৃদ্ধের সঙ্গে এমন অমানবিক আচরণের ঘটনায় নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ ও হতদরিদ্র। মাঝেমধ্যে তিনি মানুষের কলা, কচু ও সুপারি না বলে নিয়ে যান। তবে সামান্য অপরাধের অভিযোগে তাঁর সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে, তা কোনোভাবেই ঠিক হয়নি।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, বৃদ্ধের গলায় কলা-সুপারি ঝুলিয়ে ঘোরানোর ভিডিওটি তিনি ফেসবুকে দেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।