চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। তবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জননিরাপত্তা ও আইনশৃঙ্খলাসংশ্লিষ্ট সমস্যা নিয়ে আলোচনা না হওয়া এবং সভায় গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ না জানানোর ঘটনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুর আলম জহুর, মো. মোরচালিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্যসচিব সালে আহম্মদ সলুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
স্থানীয়দের অভিযোগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটা, শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোর গ্যাংয়ের প্রভাব এবং মাদকসংক্রান্ত সমস্যা দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। জননিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এসব গুরুত্বপূর্ণ বিষয় আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনায় না আসায় সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে সভায় গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ না জানানোর বিষয়টিও সমালোচনার জন্ম দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুতা, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও পাহাড় কাটার মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সে ক্ষেত্রে নিয়মিত আইনশৃঙ্খলা কমিটির সভায় গণমাধ্যমকর্মীদের সম্পৃক্ত না করার কারণ নিয়েও প্রশ্ন উঠেছে।
সাংবাদিকরা প্রশাসনের প্রতিপক্ষ নন; বরং প্রশাসনের কার্যক্রমের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা ও অনিয়মের বিষয়গুলো জনগণের সামনে প্রকাশ করেন। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় এবং তথ্যের আদান-প্রদান জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বর্তমানে জঙ্গল সলিমপুর পাহাড়ে আছি। বিস্তারিত জানতে পারছি না।’
সীতাকুণ্ডের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলাসংক্রান্ত সমস্যাগুলো নিয়ে পরবর্তী সভায় কার্যকর আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে প্রশাসনের সমন্বয় বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।