রাজশাহীর পুঠিয়া থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. শাহীনকে (৪৭) ফরিদপুরের মধুখালী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি-৫, রাজশাহী ও এসআরবি-১০, কেরানীগঞ্জের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে ফরিদপুরের মধুখালী থানাধীন ৭ নম্বর কামালদিয়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহীন রাজশাহীর পুঠিয়া থানার বারইপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আত্তাব।
এসআরবি সূত্রে জানা যায়, পুঠিয়া থানার মামলা নম্বর ১১, তারিখ ১৯ অক্টোবর ২০২৬। এ মামলায় দণ্ডবিধির ৪৪৭/৩০২/৩৪ ধারায় শাহীন ও তাঁর ছেলে মো. স্বাধীনকে (২০) আসামি করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শাহীন ফরিদপুরের মধুখালীতে অবস্থান করছেন বলে জানতে পারে এসআরবির যৌথ দল। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রুহুল (২২)-এর বাবা মো. রবিউল ইসলাম (৪৩) এবং আসামি শাহীন ও তাঁর ছেলে স্বাধীন পরস্পরের আত্মীয়। তাঁদের বসতবাড়িও পাশাপাশি অবস্থিত। গত ১৬ অক্টোবর শাহীনের বড় ছেলের বিয়েকে কেন্দ্র করে রবিউল ইসলামের স্ত্রীর বড় বোন রোজিয়ার (৪৮) সঙ্গে আসামিদের কথা-কাটাকাটি ও তর্কবিতর্ক হয়।
এর জের ধরে ওই দিন সন্ধ্যা ৭টার দিকে শাহীন ও তাঁর ছেলে স্বাধীন লোহার হাতুড়ি এবং জ্বলন্ত আগুনসহ কাঠের খড়ি নিয়ে পরিকল্পিতভাবে রবিউল ইসলামের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা রুহুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন রুহুলকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
গ্রেপ্তারের পর শাহীনকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।