নওগাঁর পোরশায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে ফলাফল পর্যালোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মো.সাইফুল ইসলাম ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাম্প্রতিক ফলাফল পর্যালোচনা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পড়াশোনায় মনোযোগী করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা বিকাশে নিয়মিত পাঠদান, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তারা।