বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে কাহালুতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ইউপি সদস্য এবং নন্দীগ্রামে দুটি বালুবাহী ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৪টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাজারের প্রায় ২০০ গজ দক্ষিণে বগুড়া-নাটোর মহাসড়কে এবং বেলা সাড়ে ১১টার দিকে কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের পাঞ্জুয়াপাড়া গ্রামের দরগাহাটা-অলোড়া সড়কে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন, কাহালু উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী এবং নন্দীগ্রামে নিহত ট্রাকচালক ওবায়দুল ইসলাম (২৭)। তিনি যশোর জেলার কেশবপুর থানার পরচক্রা গ্রামের আজিবর মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইউপি সদস্য আব্দুল বাছেদ ও বাবর আলী এবং তাঁদের সঙ্গে থাকা মোকিম একটি মোটরসাইকেলে করে উপজেলা পরিষদের দাপ্তরিক কাজে যাচ্ছিলেন। পথে পাঞ্জুয়াপাড়া গ্রামের শাহজাহান কাজীর বাড়ির সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবর আলীর মৃত্যু হয়। গুরুতর আহত আব্দুল বাছেদকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আহত মোকিমকে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
নিহত দুই ইউপি সদস্যের চাচা মনোয়ার হোসেন মিনু জানান, সকালে বাজারে তাঁদের সঙ্গে দেখা হয়েছিল। তাঁরা চা খাওয়ার কথা বলেছিলেন। চা পান শেষে ইউনিয়ন পরিষদের কাজে কাহালু যাওয়ার কথা জানিয়ে চলে যান। কিছুক্ষণ পরই তিনি দুর্ঘটনার খবর পান। তাঁর ধারণা, বালুবাহী একটি ট্রাকের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
কাহালু থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে। তাঁরা একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পেছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, নন্দীগ্রামে ভোররাতে বগুড়া-নাটোর মহাসড়কে দুটি বালুবাহী ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক ওবায়দুল ইসলাম নিহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা বালুভর্তি একটি ট্রাক মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় একই দিক থেকে আসা অপর একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক দুটি দুর্ঘটনার কবলে পড়ে এবং চালক ওবায়দুল ইসলাম গুরুতর আহত হন।
খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, নিহত ওবায়দুল ইসলামের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।