নওগাঁর মহাদেবপুরে মোবাইলফোনে কল দিয়ে নিজেকে ডিবির এসআই পরিচয় দিয়ে এক বিএনপি নেতার হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকির বিষয়ে থানায় এজাহার দেয়ার চার দিনেও এব্যাপারে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।
উল্টো তাকেই বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও উপজেলা শ্রমিক দলের কোষাধ্যক্ষ ময়েন উদ্দিন। তিনি উত্তরগ্রাম পূর্বপাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে এবং উত্তরগ্রাম হাটখোলা দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী হিসেবে কর্মরত।
গত ১৩ নভেম্বর তিনি মহাদেবপুর থানায় একটি এজাহার দায়ের করেন যে, ১২ নভেম্বর দিবাগত রাত ১০টা ১৪ মিনিটের সময় তিনি তার কর্মস্থলে দায়িত্বপালন করার সময় ০১৭৬৮-৪৪২৫৪৫ নং মোবাইলফোন থেকে ময়েন উদ্দিনের ব্যবহৃত ব্যক্তিগত মোবাইলফোন নম্বরে এক ব্যক্তি কল দেন। ওই ব্যক্তি নিজেকে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই পরিচয় দিয়ে ময়েন উদ্দিন কোথায় আছেন জানতে চান।
এরপর তিনি বলেন, ময়েনের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ লাগিয়ে উল্টো করে ঝুলিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে ফেলা হবে। বিএনপি দল করা ছুটায়ে দেয়া হবে। ডিবির গাড়ি নিয়ে রওনা হওয়ার কথা জানিয়ে ময়েন উদ্দিনকে মাদ্রাসায় থাকতে বলে। মোট ৮ মিনিট ২৪ সেকেন্ড ধরে ময়েনকে বিভিন্ন ভাষায় হুমকি প্রদান করা হয়। কিন্তু রাতে কেউ সেখানে যায়নি।
ময়েন উদ্দিন অভিযোগে উল্লেখ করেন যে, পূর্ব শত্রুতার জের ধরে উত্তরগ্রামের সাহারাম খাঁর ছেলে জুলহাজ খান ময়েনের বিরুদ্ধে “বরেন্দ্র খবর” নামক অনিবন্ধিত ফেসবুক পেজে নানান অপতথ্য প্রচার করে আসছে। এরই জের ধরে জুলহাজ খান নিজে অথবা অন্য কাউকে দিয়ে ডিবি পরিচয়ে তার সাথে প্রতারণা করেছে।
যোগাযোগ করা হলে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ওই মোবাইলফোন নম্বরটি জেলা গোয়েন্দা পুলিশের কারো নয়, বরং এটি একটি প্রতারক চক্রের নম্বর বলেও তারা নিশ্চিত করেন।
জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, অভিযোগটি তদন্ত করার জন্য এএসআই হুসাইনকে দায়িত্ব দেয়া হয়েছে। রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে।
এএসআই হুসাইন মোবাইলফোনে বলেন, তিনি জেলা পুলিশে নিয়োগ সংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় বিষয়টি তদন্ত করতে পারেননি। নিয়োগ সম্পন্ন হলে তিনি ব্যবস্থা নিবেন।
ভূক্তভোগী ময়েন উদ্দিন বলেন, এএসআই হুসাইন গত ১৬ নভেম্বর রাতে তাকে ডেকে আরো তথ্য সংগ্রহ করে দিতে বলেন।
স্থানীয়দের অভিযোগ, জুলহাজ খান মূলত: খড়ের ট্রাক ও বাস চালক। তিনি নিজেকে এক্স আর্মি পরিচয় দিয়ে থাকেন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে তিনি কখনো সেনাবাহিনীতে চাকরি করেননি। নওগাঁ জেলা মহিলা দলের এক নেত্রী অভিযোগ করেন যে, সম্প্রতি জুলহাজ খান নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে তাকে হুমকি দেন। এলাকার বিভিন্ন মানুষকেও তিনি হুমকি-ধামকি দিয়েছেন। তার বিরুদ্ধে সম্প্রতি কোর্টে মামলাও হয়েছে। মামলাটি সিআইডিতে তদন্তাধিন রয়েছে।
এবিষয়ে বক্তব্য জানতে জুলহাজ খানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর “নওগাঁ ডিস্ট্রিক্ট পুলিশে”র ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রচার করা হয় যে, “পুলিশ, ডিবি বা গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে মামলা, গ্রেফতারের ভয় দেখিয়ে ফোনে বা অন্য মাধ্যমে অর্থ, টাকা দাবি করলে অনুগ্রহপূর্বক বিষয়টি সংশ্লিষ্ট থানায় অথবা পুলিশ কন্ট্রোল রুমে (+৮৮০ ১৩২০-১২৪৪৯৮) অভিযোগ দিন।” এই দিন রাতেই ময়েন উদ্দিনকে হুমকি দেয়া হয়।