নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক ব্রিজের নিচে পানিতে পড়ে হেলপার রিপন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক মাসুদ (৪২)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকার আয়চান ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন পাবনা জেলার ইসলামপুর গ্রামের রনির ছেলে। আহত ট্রাকচালক মাসুদ একই এলাকার আক্তার হোসেনের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রংপুর থেকে পাবনার উদ্দেশে চালবোঝাই ট্রাকটি যাচ্ছিল। পথে ডালসড়ক এলাকার আয়চান ব্রিজে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পানিতে পড়ে যায়। এতে ট্রাকের হেলপার রিপন পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যান।

পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। গুরুতর আহত অবস্থায় চালক মাসুদকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল জানান, ভোরে ঘন কুয়াশার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।