রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় ১৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৭ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা, চোলাই মদ ও কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজশাহী রেঞ্জ পুলিশের প্রকাশিত গত ২৪ ঘণ্টার অপরাধসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৭০ জন, সাজাপ্রাপ্ত ১০ জন, তদন্তাধীন মামলার আসামি ১০২ জন এবং অন্যান্য (প্রতিরোধমূলক) ব্যবস্থায় গ্রেপ্তার ৩ জন। সব মিলিয়ে ১৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ১৭ জনকে গ্রেপ্তারের পাশাপাশি ১৩৩ পিস ইয়াবা, ১৩০ পিস ট্যাপেন্টাডল, ৮২৫ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদ এবং ১৬ বোতল কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

অপরাধ পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জে মোট ৫২টি মামলা হয়েছে। এর মধ্যে চুরির মামলা ৩টি এবং অন্যান্য খাতে ৪৯টি। এ সময়ে হত্যা, ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং দ্রুত বিচার আইনে কোনো মামলা হয়নি। তবে এ সময়ে পাঁচটি অপমৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ও উদ্ধারসংক্রান্ত মোট ১৪৫টি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময়ে ১ হাজার ১০ জনকে সেবা দেওয়া হয়েছে। চলতি মাসে সেবাগ্রহীতার সংখ্যা ১৫ হাজার ২৫৬ জন।

রাজশাহী রেঞ্জ পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।