রাজশাহী মহানগরীর সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট বসিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। তবে অস্ত্র বহনের সঙ্গে জড়িত সন্দেহভাজন এক যাত্রী কৌশলে পালিয়ে গেছেন।
সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবির পক্ষ থেকে জানানো হয়, এসআরবি-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে চেকপোস্ট বসায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটি তল্লাশি করা হয়। বাসের মালামাল রাখার বক্সে একটি ফলের কার্টনের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়।
এসআরবির জানায়, চেকপোস্টের খবর পেয়ে বাসটি সেখানে পৌঁছানোর আগেই সন্দেহভাজন এক যাত্রী কৌশলে পালিয়ে যান। বাসের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে উঠেছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় ও ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।
পলাতক ওই যাত্রীর পরিচয় ও অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।