নওগাঁর পোরশায় জমজমাট লড়াইয়ে স্বাগতিক পোরশা বালিকা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়েছে সাপাহার বালিকা ফুটবল দল। দুই দলের খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য ও আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি উপভোগ্য হয়ে ওঠে।
সোমবার বিকেলে উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার আগে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ম্যাচের উদ্বোধন করা হয়।
ডাসকো ফাউন্ডেশনের ‘থ্রাইভ’ প্রকল্পের আওতায় আয়োজিত এ ম্যাচে সার্বিক সহযোগিতা করে হেক্স/ইপার বাংলাদেশ।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। গোলের লক্ষ্যে একের পর এক আক্রমণ চালায় উভয় দলের খেলোয়াড়রা। তবে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে প্রথম গোলের দেখা পায় সাপাহার দল। পিছিয়ে পড়ে ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে পোরশার মেয়েরা। কয়েকটি সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাপাহার বালিকা ফুটবল দল।
নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হোসেন মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেক্স/ইপার বাংলাদেশের সিনিয়র পার্টনারশিপ কো-অর্ডিনেটর রুকুনুল ইসলাম, থ্রাইভ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. তোফাজ্জল হোসেন, প্রজেক্ট অফিসার লুৎফর রহমান রাফিন ও ফারহানা উর্মিসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত ক্রীড়া সম্পাদক মো. সালাউদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির উদ্দিন বাবু, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
আয়োজকরা জানান, গ্রামীণ জনপদের মেয়েদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, তাদের আত্মবিশ্বাস বাড়ানো এবং সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ সুগম করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে মেয়েদের প্রতিভা বিকাশ ও নেতৃত্বের গুণাবলি তৈরিতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।