চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কলেজ প্রাঙ্গণে জেলার শিবগঞ্জ উপজেলার ১৩ নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সমাবেশটি অনুষ্ঠিত হয়। 

৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ ফিটু আলীর সভাপতিত্বে এবং শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সোহাগের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেমাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাঃ শরিফুল ইসলাম শিমুল, ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিটু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ডলার আলি, যুবদল নেতা মোঃ গোলাম আজম মাষ্টার, সাবেক মেম্বার চান্দু আলি, ইউনিয়ন যুবদল নেতা জেরমান আলি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুস্তাফিজুর রহমান কুইকসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। এ সরকার নারীদের সামাজিক মর্যদা রক্ষায় ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড প্রকল্প চালু করেছে। এসময় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী, যোগ্য এবং জনপ্রিয় ব্যক্তিদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য শীর্ষ নেতৃবৃন্দের অনুরোধ জানান।  দলের দুঃসময়ে যারা দলের সাথে ছিলো তাদের মধ্যো থেকে প্রার্থী নির্বাচন করারও আহবান জানান এবং দেশ ও মানুষের উন্নয়নে উপস্থিত সকলকে বিএনপির পাশে থাকার আহবান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তোফিকুল ইসলাম, বিএনপি নেতা গোলাম মোস্তফা ভোদু, শফিকুল ইসলাম, তোরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শতশত নারীরা।
শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।