পঞ্চগড়ের সদর উপজেলায় চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে আলামিন (১৬) নামে এক ট্রাক্টর শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আলামিন ওই এলাকার হযরত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে আলামিন ট্রাক্টর শ্রমিক হিসেবে বালি লোড আনলোডের কাজ করত। সোমবার সকালে চলন্ত ট্রাক্টরে ওঠতে গিয়ে তার পা পিছলে যায়। এসময় ট্রাক্টরের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয় সে। এতে তার মুখ ও মাথা থেতলে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রেজওয়ানুল্লাহ বলেন, ওই শ্রমিকের মাথা ও মুখ চাকার নিচে পড়ে থেতলে গেছে। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তবে ট্রাক্টরে উঠতে গিয়ে ওই কিশোর মারা গেছেন এটা দেখেছেন স্থানীয়রা। তবে স্থানীয়রা ট্রাক্টর ও চালককে চিনতে পারে নি। ঘটনার পর পরই ট্রাক্টর পালিয়ে গেছে। পরে নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় হাইওয়ে আইনে নিয়মিত একটি মামলা দায়ের করেছে পরিবারের সদস্যরা।