রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় গাঁজা, ফেয়ারডিল সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন অভিযুক্ত পালিয়ে গেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ ও ১৫ নভেম্বর মতিহার, কাটাখালী, বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশ এবং আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম এসব অভিযান পরিচালনা করে।
১৪ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে মতিহার থানা পুলিশ বাজে কাজলা কড়াইতলা মোড়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪৬) ও তাঁর স্ত্রী রোজিনা খাতুন (৪০) পালিয়ে যান। পরে তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ২১ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়। মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতিহার থানায় চারটি, বোয়ালিয়া থানায় একটি এবং আরএমপি আইনে একটি নন-এফআইআর মামলা রয়েছে।
অন্যদিকে, ১৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাটাখালী থানা পুলিশ টাংগন পশ্চিমপাড়া এলাকায় বিলকিস বেগম (৪৫)-এর বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বিলকিস পালিয়ে গেলেও তাঁর সহযোগী হিসেবে অভিযুক্ত মোসা. দলু বেগম ওরফে দোলোয়ারা (৬৬) গ্রেপ্তার হন। অভিযানকালে বিলকিসের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে দুই বোতল ফেয়ারডিল সিরাপ ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, বিলকিস দীর্ঘদিন ধরে দোলোয়ারার সহযোগী হিসেবে মাদক ব্যবসা করে আসছিলেন।
এদিকে, ১৪ নভেম্বর রাত সোয়া ১০টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ গৌরহাঙ্গা রেলগেট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় মীর মোহাম্মদ পারভেজ আলী (৩০) ও মো. আসাদুজ্জামান ওরফে আশা (৩৮)-কে গ্রেপ্তার করে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
অপরদিকে, ১৫ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানা পুলিশের সহযোগিতায় দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে মো. সজল (৩৫) ও মো. শামীম (২৪)-কে গ্রেপ্তার করে। এ সময় সজলের কাছ থেকে ৫১ গ্রাম গাঁজা, ২১টি ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ হাজার ৫৭৫ টাকা এবং শামীমের কাছ থেকে সাতটি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ৭৭৫ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।