বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ, চলন্ত ভ্যানে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় দুই সাবেক সংসদ সদস্যসহ ১০৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মো. আমির হামজা বাদী হয়ে শেরপুর থানায় মামলাটি দায়ের করেন। রোববার (১৫ নভেম্বর) বিকেলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন মামলা রেকর্ড হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজার রহমান ভুট্টো এবং সাবেক পৌর কাউন্সিলর শুভ ইমরানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিদের পৃষ্ঠপোষকতায় সরকারবিরোধী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং একটি চলন্ত ভ্যানে আগুন দেওয়া হয়। এ সময় নাশকতার দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকায় একটি চলন্ত বস্তাবোঝাই ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করে।

শেরপুর থানার ওসি মো. একরামুল হোসাইন বলেন, মহাসড়কে নাশকতার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।