পোষা কুকুর-বিড়ালের শরীর থেকে মশার মাধ্যমে মানুষের শরীরেও ছড়িয়ে পড়তে পারে প্রাণঘাতী নয়, তবে উদ্বেগজনক পরজীবী সংক্রমণ। বিশেষ করে ডাইরোফিলারিয়া রেপেন্স নামের এক ধরনের পরজীবী নিয়ে নতুন করে সতর্ক করছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় মানুষের রক্তে টানা প্রায় চার মাস ধরে এই পরজীবীর লার্ভার উপস্থিতি শনাক্ত হয়েছে। এতে মানুষের শরীরকে এ পরজীবীর জন্য অনুপযুক্ত আশ্রয়স্থল বা ‘ডেড-এন্ড হোস্ট’ হিসেবে বিবেচনার প্রচলিত ধারণা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।

২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী Microorganisms-এ প্রকাশিত এক গবেষণায় ক্রোয়েশিয়ার ৫৪ বছর বয়সী এক নারীর শরীরে এই পরজীবীর দীর্ঘস্থায়ী উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। গবেষণায় দেখা যায়, প্রায় চার মাস ধরে একাধিকবার ওই নারীর রক্তে পরজীবীটির লার্ভা বা মাইক্রোফাইলেরিয়া শনাক্ত হয়েছে। গবেষকদের মতে, মানুষের শরীরে এ ধরনের দীর্ঘস্থায়ী উপস্থিতির এটি একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ।

ডাইরোফিলারিয়া রেপেন্স মূলত কুকুরের শরীরে বাসা বাঁধে। তবে মশার মাধ্যমে এই পরজীবী মানুষের শরীরেও প্রবেশ করতে পারে। সংক্রমিত কুকুরের রক্ত পান করার সময় মশার শরীরে পরজীবীর লার্ভা প্রবেশ করে। পরে সেই মশা অন্য কোনো প্রাণী বা মানুষকে কামড়ালে সংক্রমণ ছড়াতে পারে।

মানুষের শরীরে এই পরজীবী প্রবেশ করলে ত্বকের নিচে ছোট গুটি তৈরি হতে পারে। কখনো চোখের কনজাংটিভার নিচেও পরজীবী অবস্থান করতে পারে। এতে চোখ লাল হওয়া, চুলকানি ও অস্বস্তিসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। তবে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে সরাসরি অন্য মানুষের শরীরে এই সংক্রমণ ছড়ায় না। সংক্রমণের জন্য মশার ভূমিকা প্রয়োজন।

গবেষণায় উঠে আসা ক্রোয়েশিয়ার ওই নারীর প্রথমে হাতের ওপরের অংশে ত্বকের নিচে একটি গুটি দেখা দেয়। অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণ করা হলেও তাঁর শারীরিক উপসর্গ পুরোপুরি দূর হয়নি। পরবর্তী পরীক্ষায় রক্তে ইওসিনোফিলের মাত্রা বৃদ্ধি এবং বারবার মাইক্রোফাইলেরিয়ার উপস্থিতি পাওয়া যায়। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ডাইরোফিলারিয়া রেপেন্স সংক্রমণ নিশ্চিত করা হয়।

বাংলাদেশেও রয়েছে উদ্বেগের কারণ

বাংলাদেশে ডাইরোফিলারিয়া রেপেন্সের বিস্তার নিয়ে পর্যাপ্ত গবেষণা না থাকলেও একই গণের আরেকটি পরজীবী ডাইরোফিলারিয়া ইমিটিস বা হার্টওয়ার্মের উপস্থিতি আগেই শনাক্ত হয়েছে।

২০১৯ সালে Research in Agriculture, Livestock and Fisheries সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় ময়মনসিংহ পৌর এলাকার কুকুর, শিয়াল ও বিড়ালের শরীরে হার্টওয়ার্মের সংক্রমণ পরীক্ষা করা হয়। এতে পরীক্ষিত কুকুরের ৫৬ শতাংশ এবং শিয়ালের ৭১ দশমিক ৪ শতাংশের শরীরে পরজীবীটির উপস্থিতি পাওয়া যায়। মশার শরীরেও এর উপস্থিতি শনাক্ত হয়েছিল।

একই বছর প্রকাশিত আরেক গবেষণায় ময়মনসিংহের ৩০টি বেওয়ারিশ কুকুরের মধ্যে ৫০ শতাংশের শরীরে হার্টওয়ার্মের সংক্রমণের প্রমাণ পাওয়া যায়।

তবে ডাইরোফিলারিয়া ইমিটিস ও ডাইরোফিলারিয়া রেপেন্স দুটি আলাদা প্রজাতির পরজীবী। প্রথমটি সাধারণত কুকুরের হৃৎপিণ্ড ও ফুসফুসের ধমনিতে অবস্থান করে। অন্যদিকে ডাইরোফিলারিয়া রেপেন্স সাধারণত ত্বকের নিচে গুটি তৈরি করে। ফলে বাংলাদেশে হার্টওয়ার্মের উপস্থিতি পাওয়া গেলেও তা দিয়ে ডাইরোফিলারিয়া রেপেন্সের বিস্তার নিশ্চিত করা যায় না।

পোষা প্রাণীর মালিকদের সতর্কতা জরুরি

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, পোষা প্রাণীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং মশার কামড় থেকে সুরক্ষার ব্যবস্থা নেওয়া জরুরি। প্রাণীকে বাইরে নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে এবং ফুলের টব, ছাদ ও পরিত্যক্ত পাত্রে পানি জমতে দেওয়া যাবে না।

পোষা কুকুর বা বিড়ালের শরীরে অস্বাভাবিক গুটি, চোখে প্রদাহ, দীর্ঘস্থায়ী চুলকানি, কাশি কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত প্রাণিচিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজন অনুযায়ী রক্ত পরীক্ষা ও পরজীবী শনাক্তকরণের ব্যবস্থা করতে হবে।

এ ক্ষেত্রে মানুষের ব্যবহৃত মশা প্রতিরোধক সরাসরি পোষা প্রাণীর শরীরে ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে কিছু রাসায়নিক উপাদান বিড়ালের জন্য বিষাক্ত হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কৃমিনাশক বা পরজীবীনাশক ওষুধ প্রয়োগ করাও ঝুঁকিপূর্ণ।

মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য একসূত্রে

মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। চিকিৎসাবিজ্ঞানে এই সমন্বিত ধারণাকে বলা হয় ‘ওয়ান হেলথ’। নতুন এই গবেষণা আবারও মনে করিয়ে দিয়েছে, পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা শুধু প্রাণীর সুস্থতার জন্য নয়, পরিবারের সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষার জন্যও গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, মশা নিয়ন্ত্রণ এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে এ ধরনের সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। তাই পোষা প্রাণীকে ভালোবাসার পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষায়ও বাড়তি গুরুত্ব দেওয়া প্রয়োজন।