পরীক্ষামূলক ওষুধ AR1001 ব্যবহারে প্রাথমিক পর্যায়ের আলঝেইমার রোগীদের জ্ঞানীয় অবক্ষয় ৩১ শতাংশ পর্যন্ত কমেছে বলে দাবি গবেষকদের। বিশেষজ্ঞরা ফলাফলকে আশাব্যঞ্জক বললেও চিকিৎসায় ব্যবহারের আগে আরও পরীক্ষা ও অনুমোদনের প্রয়োজন রয়েছে।
আলঝেইমার রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক গবেষকরা। ভায়াগ্রার মতো একই শ্রেণির একটি পরীক্ষামূলক ওষুধ AR1001 প্রাথমিক পর্যায়ের আলঝেইমার রোগীদের স্মৃতিশক্তি ও চিন্তাভাবনার অবনতি ধীর করতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে।
গবেষণার ফলাফল অনুযায়ী, যেসব রোগী আলঝেইমারের অন্য কোনো প্রচলিত ওষুধ গ্রহণ করছিলেন না, তাঁদের ক্ষেত্রে AR1001 ব্যবহারে জ্ঞানীয় অবক্ষয়ের হার প্রায় ৩১ শতাংশ কমেছে।
যুক্তরাজ্যসহ বিশ্বের ১৩টি দেশে পরিচালিত তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে ৬০৪ জন রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়। যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত ‘ক্লিনিক্যাল ট্রায়ালস অন আলঝেইমারস ডিজিজ’ সম্মেলনে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরিবায়ো (AriBio) তৈরি করেছে AR1001। এটি ফসফোডাইএস্টারেজ-৫ (PDE5) ইনহিবিটর শ্রেণির ওষুধ। ভায়াগ্রাও একই শ্রেণির ওষুধ। এ ধরনের ওষুধ রক্তনালি শিথিল করতে এবং রক্তপ্রবাহ বাড়াতে সহায়তা করে।
গবেষকদের ধারণা, AR1001 মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি ও শেখার সঙ্গে সংশ্লিষ্ট কিছু জৈবিক প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের নিউরোডিজেনারেশন বিভাগের অধ্যাপক তারা স্পায়ার্স-জোনস গবেষণার ফলাফলকে অত্যন্ত আশাব্যঞ্জক বলে অভিহিত করেছেন। তাঁর মতে, ওষুধটি মস্তিষ্কের রক্তসঞ্চালন বাড়ানোর পাশাপাশি মস্তিষ্কের কোষের কার্যক্রমেও প্রভাব ফেলতে পারে।
আলঝেইমার্স রিসার্চ ইউকের গবেষণা পরিচালক ড. শিয়োনা স্কেলসও ফলাফলকে উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, প্রচলিত চিকিৎসার চেয়ে ভিন্ন পদ্ধতিতে কাজ করায় AR1001 বিশেষভাবে আগ্রহের বিষয় হয়ে উঠেছে।
তবে গবেষণায় একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতাও উঠে এসেছে। যেসব রোগী আলঝেইমারের অন্যান্য প্রচলিত ওষুধ গ্রহণ করছিলেন, তাঁদের ক্ষেত্রে AR1001-এর কার্যকারিতা পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য ছিল না। ফলে কোন ধরনের রোগীর ক্ষেত্রে ওষুধটি সবচেয়ে বেশি কার্যকর হতে পারে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।
আলঝেইমার্স সোসাইটির গবেষণা ও উদ্ভাবন বিভাগের সহযোগী পরিচালক ড. রিচার্ড ওকলি জানান, পরীক্ষায় ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়াগুলো বেশির ভাগ ক্ষেত্রে হালকা থেকে মাঝারি মাত্রার ছিল। দিনে একবার ট্যাবলেট হিসেবে গ্রহণের সুবিধাও ভবিষ্যতে চিকিৎসাকে সহজ করতে পারে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গবেষণার প্রাথমিক ইতিবাচক ফলাফলকে এখনই নিশ্চিত চিকিৎসা হিসেবে বিবেচনা করা যাবে না। ওষুধটি বাজারে আসার আগে আরও বৈজ্ঞানিক যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন।
বিশেষজ্ঞরা আরও স্পষ্ট করেছেন, AR1001 ও ভায়াগ্রা একই শ্রেণির ওষুধ হলেও একটির পরিবর্তে অন্যটি ব্যবহার করা যাবে না। আলঝেইমার রোগের চিকিৎসার উদ্দেশ্যে চিকিৎসকের পরামর্শ ছাড়া ভায়াগ্রা গ্রহণ করা উচিত নয়।
উল্লেখ্য, আলঝেইমার ডিমেনশিয়ার সবচেয়ে সাধারণ ধরন। এ রোগে আক্রান্ত ব্যক্তির স্মৃতিশক্তি, চিন্তাভাবনা ও দৈনন্দিন কাজ করার সক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। বর্তমানে রোগটির সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়। গবেষকদের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে প্রায় ১৫ কোটি ৩০ লাখ মানুষ আলঝেইমারে আক্রান্ত হতে পারেন।
AR1001-এর পরীক্ষামূলক ফলাফল তাই আলঝেইমারের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুললেও ওষুধটির প্রকৃত কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত হতে আরও গবেষণার ফলাফলের অপেক্ষা করতে হবে।