কৃমিনাশক খেলেই কি মুক্তি? পুনরায় সংক্রমণ ঠেকাতে প্রয়োজন সচেতনতা ও পরিচ্ছন্নতা
মানুষের অন্ত্রে নীরবে বাসা বাঁধতে পারে বিভিন্ন ধরনের পরজীবী কৃমি। এর মধ্যে অন্যতম গোলকৃমি বা অ্যাসকারিস লুমব্রিকয়েডস (Ascaris lumbricoides)। দেখতে অনেকটা সাপের মতো এই কৃমি মানুষের অন্ত্রে বসবাস করে খাবারের পুষ্টি গ্রহণ করে। অনেক ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি দীর্ঘদিন বুঝতেই পারেন না যে তাঁর শরীরে কৃমির সংক্রমণ রয়েছে।
চিকিৎসাবিষয়ক তথ্য অনুযায়ী, কৃমির সংক্রমণে পেটে ব্যথা, ক্ষুধামন্দা, বমিভাব, পেট ফাঁপা ও ওজন না বাড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত কৃমির সংক্রমণ অপুষ্টি, রক্তস্বল্পতা এবং স্বাভাবিক শারীরিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে।

তবে কৃমিনাশক ওষুধ খেলেই যে চিরতরে কৃমিমুক্ত থাকা যাবে, বিষয়টি এমন নয়। অ্যালবেনডাজল (Albendazole) ও মেবেনডাজল (Mebendazole) কৃমিনাশক হিসেবে বহুল ব্যবহৃত। এসব ওষুধ শরীরে থাকা নির্দিষ্ট ধরনের কৃমি ধ্বংস করতে সাহায্য করে। কিন্তু পরিবেশে থাকা কৃমির ডিমের সংস্পর্শে এলে আবারও সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে।
এ কারণে শুধু ওষুধের ওপর নির্ভর না করে দৈনন্দিন জীবনযাপনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।
কৃমির সংক্রমণ প্রতিরোধে খাবার তৈরির আগে ও খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া জরুরি। শিশুদের নখ নিয়মিত ছোট রাখা, শাকসবজি ও ফলমূল ভালোভাবে ধুয়ে খাওয়া এবং নিরাপদ পানি পান করার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি অপরিষ্কার স্থানে খালি পায়ে হাঁটা থেকে বিরত থাকা এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখাও প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা এবং খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করা কৃমির সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অন্যদিকে, অন্ত্রে অতিরিক্ত গোলকৃমি জমে গেলে কখনো কখনো অন্ত্র বন্ধ হয়ে যাওয়ার মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। তীব্র পেটব্যথা, পেট ফুলে যাওয়া কিংবা বারবার বমির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়া জরুরি।
বিশেষ করে দুই বছরের কম বয়সী শিশু, গর্ভবতী নারী এবং বিশেষ কোনো অসুস্থতায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ ছাড়া কৃমিনাশক ওষুধ সেবন করা উচিত নয়।
স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত পরিচ্ছন্নতা, নিরাপদ খাবার ও পানি এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে কৃমিনাশক ওষুধ সেবন জরুরি। সচেতনতা ও স্বাস্থ্যসম্মত অভ্যাসই পারে কৃমির সংক্রমণ এবং এর কারণে সৃষ্ট নানা জটিলতা থেকে শিশু ও প্রাপ্তবয়স্কদের সুরক্ষিত রাখতে।
সুত্র-ড.মোস্তফা ই মঞ্জুর