টলিউড সুপারস্টার দেবের নতুন সিনেমা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ঘিরে দর্শকদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমাটি। মুক্তির আগে প্রকাশ্যে এসেছে ছবির টিজার। যেখানে সমাজসেবক করিমূল হকের চরিত্রে জীবন বাঁচানোর লড়াইয়ে এক অন্যরকম দেবকে দেখা গেছে।
মঙ্গলবার নিজের অভিনয়জীবনের ৫০তম সিনেমা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র প্রথম ঝলক প্রকাশ করেন দেব। পদ্মশ্রী সম্মানে ভূষিত উত্তরবঙ্গের সমাজসেবক করিমূল হকের জীবন ও সংগ্রাম অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।
টিজারে উঠে এসেছে করিমূল হকের জীবনের এক কঠিন অধ্যায়। সময়মতো চিকিৎসা না পেয়ে মাকে হারানোর পর আর কাউকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সেই প্রত্যয় থেকেই বাইককে অ্যাম্বুল্যান্স বানিয়ে মানুষের সেবায় নেমে পড়েন তিনি।
ঝড়-বৃষ্টি কিংবা গভীর রাত—মানুষের বিপদে নিজের মোটরসাইকেল নিয়ে ছুটে যেতেন করিমূল। প্রত্যন্ত এলাকার অসহায় মানুষের কাছে হয়ে উঠেছিলেন ভরসার প্রতীক। তবে তাঁর এই নিঃস্বার্থ সমাজসেবার পথও ছিল না কণ্টকমুক্ত। নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়েছে তাঁকে। সিনেমায় সেই জীবনসংগ্রামই তুলে ধরেছেন নির্মাতারা।
ছবিতে করিমূল হকের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে দেব-রুক্মিণী জুটিকে।
এদিকে বড়দিনের সিনেমা ঘিরে টালিউডে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। কারণ, ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘কিং’। ফলে বড়দিনের বক্স অফিসে দেবের ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র সঙ্গে শাহরুখের ‘কিং’-এর লড়াই জমে ওঠার অপেক্ষায় দর্শকরা।
