বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বিজয়ীর মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। এর মধ্য দিয়ে প্রতিযোগিতার ইতিহাসে প্রথম মা হিসেবে মিস ইউনিভার্স হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছেন ২৭ বছর বয়সী এই সুন্দরী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের কলিসিও দে পুয়ের্তো রিকো হোসে মিগুয়েল অ্যাগ্রেলট মিলনায়তনে অনুষ্ঠিত হয় এবারের জমকালো চূড়ান্ত পর্ব। সেখানে বিজয়ী হিসেবে জেনিফার ব্যারেটোর নাম ঘোষণা করা হয়।

9c1ee053-894a-41e7-a098-e53d1ec19ca3.png

পেশায় মনোবিজ্ঞানী ও সমাজকর্মী জেনিফার ব্যারেটোর পেনেলোপি নামে একটি কন্যাসন্তান রয়েছে। প্রতিযোগিতার ইতিহাসে একজন মা হিসেবে তাঁর এই অর্জন নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।

অনুষ্ঠানে গত আসরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ নতুন বিজয়ী জেনিফারের মাথায় মুকুট পরিয়ে দেন। ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের এই বিশেষ মুকুটটি তৈরি করেছেন ডিজাইনার জর্জ উইটেলস ও মেইসন ডি’অর। ১৮ ক্যারেট সাদা সোনার ওপর বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা।

এবারের আসরে জেনিফার ব্যারেটোর সঙ্গে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা ও ডোমিনিকান রিপাবলিকের প্রতিনিধিরা। বিশ্বের ১১০টির বেশি দেশ ও অঞ্চলের মোট ১১৭ জন প্রতিযোগী অংশ নেন এবারের আয়োজনে। এর মধ্যে সেন্ট মার্টিন ও উগান্ডার প্রতিনিধিরা প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে অংশ নেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগীদের মধ্যে ২২ জন স্নাতকোত্তর ডিগ্রিধারী, পাঁচজন চিকিৎসক এবং ১০ জন মা ছিলেন। প্রতিযোগিতার মঞ্চেই ঘোষণা দেওয়া হয়েছে, আগামী বছর ৭৬তম মিস ইউনিভার্স আসরও অনুষ্ঠিত হবে পুয়ের্তো রিকোতে।

তবে জাঁকজমকপূর্ণ আয়োজনের আড়ালে এবারের প্রতিযোগিতা ঘিরে ছিল নানা বিতর্ক। ভিসা জটিলতায় আফ্রিকার কয়েকজন প্রতিযোগী অংশ নিতে পারেননি। এ ছাড়া সমুদ্রসৈকতে অস্থায়ী হাঁটার পথে প্রতিযোগীদের হোঁচট খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মহড়ার সময় আহত হয়ে মিস ইউনিভার্স ফ্রান্স ২০২৬-কে হুইলচেয়ারে করে হোটেল থেকে বের করে আনার ঘটনাও সমালোচনার জন্ম দেয়।

এর আগে গত বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম আসরও বিতর্কের বাইরে ছিল না। সে সময় প্রতিযোগী ফাতিমা বশকে এক কর্মকর্তার তিরস্কারের ভিডিও ভাইরাল হয়। বিচারকদের পদত্যাগ এবং মঞ্চ থেকে পড়ে গিয়ে মিস ইউনিভার্স জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরির গুরুতর আহত হওয়ার ঘটনাও আলোচনায় আসে। পরবর্তী সময়ে ওই দুর্ঘটনা নিয়ে মিস ইউনিভার্স কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন তিনি।